ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৫ ঘণ্টা পর রেলপথ-সড়ক অবরোধ প্রত্যাহার
ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে পাঁচ ঘণ্টা অবরোধের পর রেলপথ ও সড়কপথ থেকে সরে গেছেন স্থানীয় বাসিন্দারা। রোববার (৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তারা অবরোধ তুলে নেন। তবে আগামী তিন দিনের মধ্যে দাবি মেনে না নিলে আবারও অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম নিয়ে ‘বরিশাল’ নামে নতুন একটি ইউনিয়ন পরিষদ গঠিত হয়েছে। জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়ার প্রস্তাবনায় নতুন ইউনিয়নটি গঠিত হয়। তিনি বরিশাল গ্রামের বাসিন্দা।
স্থানীয়দের দাবি, বরিশাল গ্রামটি আগে বাসুদেব ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল। বাসুদেব ইউনিয়ন থেকে চান্দি, কোড্ডা, শ্যামনগর, কোড়াবাড়ি, বৈষ্ণবপুর ও বরিশাল গ্রামকে বিচ্ছিন্ন করে নতুন ‘বরিশাল’ ইউনিয়ন গঠনের প্রতিবাদে এসব গ্রামের বাসিন্দারা আন্দোলন করে আসছেন।
এরই ধারাবাহিকতায় রোববার সকাল সাড়ে ৭টা থেকে কোড্ডা এলাকায় রেলপথ ও সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে ট্রেন ও যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
পরে জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করেন। আলোচনায় সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হলে আন্দোলনকারীরা তিন দিনের জন্য অবরোধ কর্মসূচি স্থগিত করেন।
বাসুদেব ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলম নয়ন বলেন, ‘তিন দিনের জন্য অবরোধ কর্মসূচি স্থগিত করা হয়েছে। আমাদের একটি দল জেলা প্রশাসন ও জেলা বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে বসবে। দাবি মেনে না নিলে আবারও অবরোধ কর্মসূচি চলবে।’
জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম জানান, আন্দোলনকারীদের কয়েকজনকে নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠক করে বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
এদিকে রেলপথ অবরোধের কারণে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটগামী অন্তত সাতটি আন্তনগর ট্রেন বিভিন্ন রেলওয়ে স্টেশনে আটকা পড়ে। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের কর্তব্যরত মাস্টার মো. রফিকুল ইসলাম জানান, রেলপথ থেকে অবরোধ তুলে নেওয়ার পর বেলা সাড়ে ১১টার দিকে বিভিন্ন স্টেশনে আটকা পড়া ট্রেনগুলো গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।