খুলনায় চিকিৎসকদের সাত দিনের আলটিমেটাম, সেবা বন্ধের হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক
১০ নভেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

খুলনা

খুলনায় চিকিৎসকদের সাত দিনের আলটিমেটাম, সেবা বন্ধের হুঁশিয়ারি

হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির ঘটনায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে খুলনায়। এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে প্রশাসনকে সাত দিনের সময় বেঁধে দিয়েছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে খুলনার সব ধরনের চিকিৎসাসেবা বন্ধসহ পূর্ণ কর্মবিরতি ও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টায় নগরীর সাতরাস্তা মোড়ে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) খুলনা শাখার কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়। ‘নো সিকিউরিটি, নো সার্ভিস’ স্লোগানে জাতীয়তাবাদী চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এ কর্মসূচির আয়োজন করেন।

সমাবেশে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোস্তফা কামাল বলেন, যেসব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে হামলার ঘটনা ঘটেছে, সেসব প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের অভিযোগ, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করার পরও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়নি। কোনো কোনো ঘটনায় হামলার প্রায় দুই ঘণ্টা পর পুলিশ এসেছে বলে অভিযোগ করা হয়েছে। অথচ খবর পাওয়ার ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে পুলিশের পৌঁছানোর কথা। পুলিশের এই বিলম্বের কারণ অনুসন্ধানের দাবি জানান তিনি।

খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রকল্প পরিচালক এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ডা. আবু জাফর মো. ছালেহ বলেন, সাম্প্রতিক সময়ে নগরীর বিভিন্ন বেসরকারি হাসপাতাল, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির ঘটনা ঘটছে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরাও এসব ঘটনার শিকার হচ্ছেন। জড়িতদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন কঠোর ব্যবস্থা না নিলে আরও কঠিন কর্মসূচি দেওয়া হবে।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নগরীর বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিতে চাঁদা দাবি করা হচ্ছে। দাবি পূরণ না হলে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে। তাঁদের অভিযোগ, এসব ঘটনায় প্রশাসনের দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ যথেষ্ট নয়।

বক্তারা বলেন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা যদি কর্মস্থলেই নিরাপদ না থাকেন, তাহলে রোগীদের মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে। তাই চিকিৎসাসেবা স্বাভাবিক রাখতে হলে আগে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

তাঁরা জানান, আগামী সাত দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি না হলে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়া হবে। এরপরও কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে খুলনার চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে পূর্ণ কর্মবিরতিসহ বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

সমাবেশে বক্তারা আরও দাবি করেন, গত কয়েক মাসে খুলনায় প্রায় অর্ধশত মানুষ হত্যার শিকার হয়েছেন। তাঁদের মতে, সন্ত্রাস ও চাঁদাবাজির কারণে নগরীর স্বাভাবিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হামলা অব্যাহত থাকলে চিকিৎসাব্যবস্থায় গুরুতর সংকট তৈরি হতে পারে। এ পরিস্থিতিতে হামলা ও চাঁদাবাজিতে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তাঁরা।

চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির কারণে বেসরকারি ক্লিনিকের মালিক ও অনেক চিকিৎসক প্রকাশ্যে প্রতিবাদ করতে পারছেন না বলেও অভিযোগ করেন বক্তারা। এ সময় তাঁরা সবাইকে ঐক্যবদ্ধভাবে নিরাপদ কর্মপরিবেশের দাবিতে আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানান।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা ৫০০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল, গাজী মেডিকেল কলেজ হাসপাতাল এবং আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।