লস অ্যাঞ্জেলেসে পথচারীদের ওপর গাড়ি উঠে নিহত ৩, আহত ৩

অনলাইন ডেক্স
১১ নভেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

আন্তর্জাতিক

লস অ্যাঞ্জেলেসে পথচারীদের ওপর গাড়ি উঠে নিহত ৩, আহত ৩

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে পথচারীদের ওপর একটি গাড়ি উঠে অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় নর্থ হলিউড মেট্রো স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

লস অ্যাঞ্জেলেস পুলিশ ও দমকল বাহিনী জানিয়েছে, ঘটনাস্থলেই তিনজনকে মৃত ঘোষণা করা হয়। আহত তিনজনের মধ্যে দুজন পথচারী এবং গাড়িটির চালক রয়েছেন। গুরুতর অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। চালকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সংবাদমাধ্যম কেসিএএল-টিভির প্রতিবেদনে বলা হয়েছে, ল্যাঙ্কারশিম বুলেভার্ড এলাকার একটি বাসস্টপের কাছে একটি খাবারের দোকানে গাড়িটি ধাক্কা দেয়। এরপর সেটি ফুটপাতে উঠে যায়। এতে সেখানে থাকা পথচারী ও রাস্তার পাশে থাকা একজন বিক্রেতা হতাহত হন বলে জানা গেছে।

ঘটনার পর লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে হতাহতদের ঘটনায় গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

পুলিশ জানিয়েছে, এটি নিছক দুর্ঘটনা নাকি ইচ্ছাকৃতভাবে ঘটানো কোনো হামলা—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ জানতে আশপাশের এলাকার ভিডিও ফুটেজ পর্যালোচনা করা হবে।

লস অ্যাঞ্জেলেস পুলিশের প্রধান জিম ম্যাকডোনেল জানিয়েছেন, তদন্তের অংশ হিসেবে ঘটনাস্থল ও আশপাশের ভিডিও ফুটেজ পরীক্ষা করা হবে।

ঘটনার পর গণমাধ্যমের হেলিকপ্টার থেকে ধারণ করা ভিডিওতে দেখা যায়, সাদা রঙের একটি ছোট এসইউভি ফুটপাতে উঠে একটি ছাউনিতে ধাক্কা দিয়ে দুমড়ে-মুচড়ে পড়ে আছে।