সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানোর নির্দেশ, বাড়তি সতর্ক পুলিশ
ছবি-সংগৃহীত
দেশের সীমান্তবর্তী জেলাগুলোতে পুলিশের নজরদারি আরও জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। সীমান্তের ওপার থেকে অস্ত্র, বিস্ফোরক কিংবা সন্দেহভাজন ব্যক্তির অনুপ্রবেশ ঠেকানোর পাশাপাশি সীমান্ত দিয়ে কারা আসা-যাওয়া করছে, সে বিষয়েও বাড়তি নজর রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার দেশের সব সীমান্ত জেলার পুলিশ সুপার (এসপি), সংশ্লিষ্ট কমিশনার ও ডিআইজিদের সঙ্গে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের ভার্চুয়াল বৈঠকে এসব নির্দেশনা দেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সীমান্ত দিয়ে প্রবেশের অভিযোগ আলোচনায়
বৈঠকে সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য রনজিত সরকারের সীমান্তপথে দেশে প্রবেশ এবং নেতাকর্মীদের নিয়ে সভা করার অভিযোগটি গুরুত্ব পায় বলে সূত্র জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে রনজিত সরকারকে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দিতে দেখা যাওয়ার বিষয়টিও আলোচনায় আসে। এ ধরনের ঘটনা যাতে পুনরায় না ঘটে, সে জন্য সীমান্তবর্তী এলাকায় নজরদারি বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে সুনামগঞ্জের পুলিশ সুপার জানান, ওই সভায় সরাসরি উপস্থিত ছিলেন এমন একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যদের বিষয়ে তথ্য জানার চেষ্টা চলছে।
নাশকতা ঠেকাতে বাড়তি পুলিশ
বৈঠকে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সহিংসতা, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনাও পর্যালোচনা করা হয়। পুলিশ সূত্রের ভাষ্য, গত ২৪ ঘণ্টায় ১১ জেলায় ২২টি যানবাহনে অগ্নিসংযোগ এবং ঢাকা ও ছয় জেলায় অন্তত ২৮টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
সীমান্তবর্তী জেলার পাশাপাশি গত কয়েক দিনে যেসব এলাকায় নাশকতার ঘটনা বেশি ঘটেছে, সেসব জেলার পুলিশ কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।
গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী ও চট্টগ্রামসহ কয়েকটি জেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। এরই মধ্যে বিভিন্ন এলাকায় বাড়তি পুলিশ সদস্য পাঠানো হয়েছে বলেও সূত্র জানিয়েছে।
যেসব এলাকায় হামলা, অগ্নিসংযোগ, ভাঙচুর বা অন্য ধরনের নাশকতা হয়েছে, সেখানে এ পর্যন্ত কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়েও সংশ্লিষ্ট পুলিশ সুপারদের কাছে জানতে চাওয়া হয়েছে।
সীমান্ত অপরাধে পুলিশেরও দায়িত্ব
পুলিশের এক কর্মকর্তা বলেন, সীমান্তের নিরাপত্তায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দায়িত্ব পালন করলেও সীমান্তকেন্দ্রিক অপরাধের তদন্ত পুলিশের আওতাধীন। ফলে সীমান্ত এলাকায় কোনো অপরাধ সংঘটিত হলে পুলিশকেও জবাবদিহির মুখে পড়তে হয়।
এ কারণে সীমান্তবর্তী এলাকায় সন্দেহজনক ব্যক্তি ও চলাচলের ওপর নজরদারি আরও কার্যকর করার বিষয়ে বৈঠকে গুরুত্ব দেওয়া হয়েছে।
আগাম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যবস্থা
পুলিশ সূত্র জানায়, পদ্মা সেতু এলাকায় মিছিল হতে পারে—এমন গোয়েন্দা তথ্য পুলিশের কাছে ছিল। তবে মিছিলের সময় ও সম্ভাব্য লোকসংখ্যা সম্পর্কে নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
ভবিষ্যতে কোনো এলাকায় বড় ধরনের জমায়েতের মাধ্যমে নাশকতা যাতে সৃষ্টি হতে না পারে, সে জন্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আগাম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
চলমান বিশেষ অভিযান অব্যাহত থাকবে
সারা দেশে চলমান বিশেষ অভিযান আরও জোরদার করার সিদ্ধান্ত হয়েছে বলেও পুলিশ সূত্র জানিয়েছে। নাশকতার অর্থ জোগানদাতা ও ইন্ধনদাতাদের শনাক্ত করার পাশাপাশি জামিনে বেরিয়ে কেউ পুনরায় নাশকতায় জড়াচ্ছেন কি না, সেদিকেও নজর রাখতে বলা হয়েছে।
নাশকতার ঘটনায় দায়ের করা মামলাগুলোর তদন্ত দ্রুত শেষ করে পরবর্তী আইনগত প্রক্রিয়া তদারকের নির্দেশও দেওয়া হয়েছে।
তবে অভিযানের নামে যাতে নিরপরাধ মানুষ হয়রানি বা গণগ্রেপ্তারের শিকার না হন, সে বিষয়েও পুলিশ কর্মকর্তাদের সতর্ক করা হয়েছে। প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
পুলিশ সদস্যদের সক্রিয় থাকার নির্দেশ
বিভিন্ন অভিযানে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের সক্রিয় ভূমিকা নিশ্চিত করার বিষয়টিও বৈঠকে উঠে আসে। কোনো সদস্য দায়িত্ব পালনে নিষ্ক্রিয় থাকলে প্রথমে কাউন্সেলিংয়ের মাধ্যমে তাকে সক্রিয় করার কথা বলা হয়েছে। এরপরও দায়িত্ব পালনে গাফিলতি থাকলে সংশ্লিষ্টদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
যানবাহনে অগ্নিসংযোগের নতুন কৌশল নিয়ে আলোচনা
সম্প্রতি যানবাহনে আগুন দেওয়ার কয়েকটি ঘটনায় নতুন ধরনের কৌশল ব্যবহারের বিষয়টি বৈঠকে আলোচনা হয়েছে বলে একটি সূত্র জানিয়েছে। তবে এ ধরনের ঘটনার তথ্য তদন্তের মাধ্যমে যাচাই করা হচ্ছে।
পাশাপাশি বীমার অর্থ পাওয়ার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে কোনো যানবাহনে আগুন দেওয়া হচ্ছে কি না, সে বিষয়েও নজরদারি বাড়ানোর কথা বলা হয়েছে।
এদিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মঙ্গলবার তিন প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।